বিশেষ প্রতিনিধি, Team Ovijog।।
সংবাদ প্রতিবেদন:
শাপলা হত্যা মামলায় চার্জশিট প্রণয়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ঘুষের বিনিময়ে চারজন আসামীর নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তারা জানান, মামলার চার্জশিটটি ভিত্তিহীন ও মনগড়া কাহিনীর ওপর দাঁড় করানো হয়েছে, যা ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শাপলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু চার্জশিটে এই গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে এবং ঘটনার প্রকৃত চিত্র বিকৃত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ও মামলার কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। চার্জশিটে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যাতে আসামীপক্ষ উপকৃত হয়। এমনকি ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকিও দেওয়া হচ্ছে।
পরিবারের দাবি, আসামীদের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন শহর সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও জেলা ডাক্তার সমিতির সভাপতি মঈনুল হোসেন সাদিক। অভিযোগ রয়েছে, রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেটও আসামীদের পক্ষ অবলম্বন করছেন, ফলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগী পরিবার বলছে, এভাবে প্রভাবশালী মহলের যোগসাজশে তথ্য লোপাট করা হলে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত, চার্জশিট সংশোধন ও আসল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিকের প্রভাবের কারণেই মামলার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না। ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা আরও গভীর হচ্ছে।