বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
মুফতি আলী হাসান উসামা জামায়াতে ইসলামিতে যোগ দিয়ে যা বললেন
মোঃ রাসেদুজ্জামান শুভ
স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬ — বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দেওয়ার পর শাইখুল হাদীস মুফতি আলী হাসান উসামা বলেছেন, ইসলামী রাজনৈতিক দলগুলো সাধারণ উদ্দেশ্যেই কাজ করে — “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা”। তিনি বলেন, জামায়াতে ইসলামিও এই লক্ষ্যকে মূল ধারণা হিসেবে গ্রহণ করেছে এবং এর স্লোগানও হলো “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”।
উসামা বলেন, বর্তমান কাঠামোর ভেতর থেকে হঠাৎ করে মৌলিক পরিবর্তন আনা সম্ভব না হলেও, সংস্কারের বীজ বপন করলে ভবিষ্যতে তা বৃহৎ আন্দোলনে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অন্যান্য ইসলামি সংগঠনের তুলনায় জামায়াতে ইসলামীতে বৃহৎ পরিসরের লোক রয়েছে এবং এতে ব্যক্তিগত বা পরিবারভিত্তিক নেতৃত্ব নয়, দৃঢ় সংগঠনিক কাঠামো লক্ষ্য করা যায়।
উসামা বলেন, এখানে অংশগ্রহণকারী প্রতিটি সদস্য পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যত্বে আবদ্ধ, এবং দলটি শাহাদাতের স্বপ্ন ও দ্বীন বিজয়ের আদর্শে নিবেদিত। তিনি জানান, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, বাংলাদেশে ইসলামি রাজনীতির অঙ্গনে জামায়াতে ইসলামীই সবচেয়ে সম্ভাবনাময় নাম।
তিনি বলেন, “যে কোনো ভুল থাকলে তা সংস্কার হবে ইনশাআল্লাহ এবং নিজের সর্বোচ্চ চেষ্টা দিলেও কাজ কখনোই এক জীবনে শেষ হয় না।”
উল্লেখ্য, ওই মন্তব্যটি তিনি আমার দেশ অনলাইনকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।