বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট -সাইবার মামলায় জেল হাজতে প্রেরণ
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় আবির আল আব্দুল্লাহ নামের একজনকে জেল হাজতে প্রেরণ করেছে পীরগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার এক্তিয়ারপুর (ভাবনাগঞ্জ বাজার সংলগ্ন) গ্রামের আব্দুর রশিদের পুত্র। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রীসহ শীর্ষ স্থানীয় চার নেতার ছবি এআই (AI) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে থানায় এজাহার দায়ের করেন পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা। গতকাল ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ বিষয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেন তিনি।
এজাহারে উল্লেখ করেন, গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬:১৫ মিনিটের সময় বাদী পীরগঞ্জ পৌরসভাধীন পূর্ব চৌরাস্তায় অবস্থানকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে 'Abir Al Abdullah' নামক একটি প্রোফাইল থেকে আপত্তিকর কিছু পোস্ট দেখতে পান। বিবাদী তার ফেসবুক আইডিতে এআই (Artificial Intelligence) ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দীন আহমদের ছবি বিকৃত করেছেন। সেখানে তাকে অখণ্ড ভারতের নেতা শালাউদ্দীন চিন্ময় বিবেকানন্দ, ভারতের গোলাম হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়েছে।
অভিযোগে বলা হয়, উক্ত আইডি থেকে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দীন আহমদ (এমপি), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি), প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মির্জা আব্বাস (এমপি) এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী (এমপি)-এর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মকরুপে প্রচার করা হয়েছে। তাই তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে অভিযোগটি দায়ের করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই ও মামলার আইও সবুজ চন্দ্র রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে সাইবার সুরক্ষা আইন-২০২৫ এর ২৬ (১) ধারায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।