1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ভারতে ল স্টুডেন্টদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বার কাউন্সিলের কঠোর নির্দেশিকা

রিপোর্টারের নামঃ মানসিব ইয়ামান আজম মজুমদার।
  • আপডেট টাইমঃ 19-07-2026 ইং
  • 2518 বার পঠিত
ad728

ভারতে ল স্টুডেন্টদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বার কাউন্সিলের কঠোর নির্দেশিকা


মানসিব ইয়ামান, নিজস্ব প্রতিবেদক, টিম অভিযোগ নিউজ, ১৯ জুলাই, ২০২৬:


পেশাগত গোপনীয়তা রক্ষা এবং আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আইনজীবী, ইন্টার্ন এবং আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) ব্যবহার সংক্রান্ত একটি কঠোর নির্দেশিকা জারি করেছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)। সংস্থাটির পক্ষ থেকে দেশের সব রাজ্য বার কাউন্সিল এবং আইন কলেজগুলোকে এই নতুন ডিজিটাল নীতিমালা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বার কাউন্সিল স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশিকাকে যেন কোনো সাধারণ নোটিশ বা পরামর্শ হিসেবে না দেখে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত বাস্তবায়ন করা হয়।

যাদের জন্য এই নিয়ম প্রযোজ্য

দেশজুড়ে এলএলবি (LLB), এলএলএম (LLM), পিএইচডি (PhD), ডিপ্লোমাসহ আইন সংক্রান্ত যেকোনো কোর্সের শিক্ষার্থী, গবেষক (Research Scholars), ইন্টার্ন এবং প্র্যাকটিস করা আইনজীবীদের ক্ষেত্রে এই নতুন নিয়ম বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।


বার কাউন্সিল তাদের বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত, ইন্টার্নশিপ এবং আইনি প্রক্রিয়া নিয়ে কনটেন্ট তৈরির একটি নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু আইনজীবী, ল স্টুডেন্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সস্তা জনপ্রিয়তার জন্য আদালত প্রাঙ্গণ, চেম্বার, ইন্টার্নশিপ এবং লাইভ-স্ট্রিমিং আদালতের আংশিক ভিডিও কেটে রিলস, শর্টস, মিমস বা ড্রামাটিক ভিডিও বানিয়ে প্রচার করছেন। এছাড়া, কিছু তথাকথিত 'লিগ্যাল ইনফ্লুয়েন্সার' এবং ল স্টুডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জটিল আইনি বিষয়গুলোকে ভুল ও অতি-সরলীকরণ করে উপস্থাপন করছেন, যা জনসাধারণের মাঝে আইনি বিভ্রান্তি ছড়াচ্ছে।


নিষিদ্ধ করা হয়েছে যেসব কার্যক্রম

নতুন নির্দেশিকা অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রচার বা লাইক পাওয়ার উদ্দেশ্যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণকারী যেকোনো কনটেন্ট তৈরি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে:

 আদালতের শুনানি বা ক্লায়েন্ট মিটিংয়ের কোনো অংশ রেকর্ড করা।

 মামলার কোনো গোপন তথ্য, কৌশল বা নথিপত্র (Case File) প্রকাশ করা।

 "Day in Court", "Day in Chamber", "Internship Reveal" কিংবা "Lawyer Life"-এর মতো ট্রেন্ডিং বা নাটুকে ভিডিও তৈরি করা, যা পেশাগত গোপনীয়তা নষ্ট করে।

"ইন্টার্নশিপ শেখার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য নয়"

শিক্ষার্থীদের মনে করিয়ে দিয়ে বিসিআই (BCI) জানিয়েছে, ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য হলো পেশাগত শৃঙ্খলা, বিনম্রতা, লিগ্যাল ড্রাফটিং, গবেষণা এবং আদালতের শিষ্টাচার শেখা। এটি কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন বা ব্যক্তিগত প্রচারণার জায়গা নয়। দেশের সব আইন কলেজকে তাদের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ম লঙ্ঘনে কঠোর শাস্তির হুঁশিয়ারি

এই নির্দেশিকা অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বার কাউন্সিল। অপরাধের গুরুত্ব অনুযায়ী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বাতিল করা হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট আইন কলেজ, ল ফার্ম বা বার অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করাসহ প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে বার কাউন্সিল এটিও স্পষ্ট করেছে যে, এই নীতিমালার উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি ও অপব্যবহার রোধ করা; এর মাধ্যমে কোনো যৌক্তিক বা আইনি সমালোচনাকে দমন করা হবে না।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728